বুধবার দুপুরে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর পক্ষে প্রচারণাকালে হামলার শিকার হন বেশ কয়েকজন নারী সমর্থকরা, এরই প্রতিবাদে ঝাড়ু মিছিল করে।
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় আওনা ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. হুমায়ুন কবীরের (ঘোড়া) সমর্থনে ভোট চাইতে গিয়ে নৌকা প্রার্থীর সমর্থকদের হাতে শ্লীলতাহানির শিকার হয়েছেন বেশ কয়েকজন নারী বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনার প্রতিবাদে বুধবার (২২ ডিসেম্বর) বিকেলে নৌকার প্রার্থী বেল্লাল হোসেনের বিচারের দাবিতে ঝাড়ু মিছিল করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী ও স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকরা।
এলাকাবাসী জানায়, বুধবার দুপুরে আওনা ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন কবীরের পক্ষে ঘোড়া প্রতীকে ভোট চাইতে ২০-২৫ জন নারী সমর্থক তরণিআটা গ্রামে যান। এসময় তারা নৌকা প্রতীকের সমর্থকদের হামলার শিকার হন। হামলাকারীরা তাদের কাপড় টেনে ছিঁড়ে ফেলে, মারধরও করে। এর প্রতিবাদে বিক্ষুব্ধ এলাকাবাসী ও স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকরা বিকেলে নৌকার প্রার্থীর বিরুদ্ধে পঞ্চাশী এলাকার প্রধান সড়কে ঝাড়ু মিছিল বের করে।
ঘোড়া প্রতীকের নারী কর্মী ইতি বেগম বলেন, “আমরা ভোট চাইতে গেলে একদল সন্ত্রাসী অতর্কিত হামলা চালায়। তারা কয়েকজনের পরনের কাপড় ছিঁড়ে ফেলে ও ওড়না ছিনিয়ে নেয়। এছাড়া তার এক বছর বয়সী শিশুকে কোল থেকে ছিনিয়ে হত্যার চেষ্টা করে।”
সেলিনা বেগম নামে আরেকজন অভিযোগ করে বলেন, “প্রথমে ভোট চাইতে বাধা দেওয়া হয়। একপর্যায়ে কয়েকজনকে মারধর করে ঘোড়া প্রতীকের পোস্টারগুলো ছিনিয়ে নিয়ে যায় এবং লাঞ্ছিত করা হয়।”
স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন কবির জানান, নৌকা প্রতীকের প্রার্থী বেল্লাল হোসেনের কর্মী সমর্থকরা শুরু থেকেই তার প্রচারণায় বাধা ও হুমকি দিয়ে আসছে। কর্মী-সমর্থকদের মাঠে নামতে দেওয়া হচ্ছে না। নির্বাচনী কার্যালয় দখল করে নিয়েছে এবং পোস্টার পুড়িয়ে ফেলছে। তাই সুষ্ঠু নির্বাচন নিয়েও শঙ্কা প্রকাশ করেন তিনি।
অভিযোগ অস্বীকার করে নৌকা প্রতীকের প্রার্থী বেল্লাল হোসন বলেন, “হুমায়ুন কবির দলের বিদ্রোহী প্রার্থী। কয়েকদিন আগে তিনি নৌকা প্রতীকে সমর্থন জানিয়ে আবারও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিজের প্রচারণা চালাচ্ছেন যা খুবই দুঃখজনক।”
তবে সরিষাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান জানিয়েছেন, শ্লীলতাহানির বিষয়ে এখনও তিনি কোনো অভিযোগ পাননি।