যুবলীগ নেতার বাড়ি থেকে ১৮ বোতল ফেন্সিডিল উদ্ধার ও সহযোগী নাসির গ্রেফতার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 15 September, 2022, 12:10 AM
যুবলীগ নেতার বাড়ি থেকে ১৮ বোতল ফেন্সিডিল উদ্ধার ও সহযোগী নাসির গ্রেফতার
রাজশাহীর বাগমারা উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের এক মাদক সম্রাটের বাড়ি থেকে ফেন্সিডিল উদ্ধার ও একজনকে আটক করা হয়েছে।
এলাকাবাসী ও পুলিশ তদন্ত কেন্দ্র সূত্রে জানা যায়, বাগমারা উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের চেউখালি চন্ডিপুর গ্রামের কালাম মিস্ত্রীর ছেলে যুবলীগ নেতা সোহেল রানার বাড়ি থেকে পুলিশ অভিযান চালিয়ে ১৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে হোসেল রানা পালিয়ে যায়। অপর দিকে মঙ্গলবার রাতে পুলিশের একটি দল তাহেরপুর-শিকদারী সড়কে টহল দিচ্ছিল।
পরে রামরামা হ্যাচারি মোড়ে সাখাওয়াতের পুত্র নাসির উদ্দিন (২৪) এক যুবককে আটক করে। পরে তাঁর দেহ তল্লাশি করে এক বোতল ফেনসিডিল ও ৫ পিচ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাসির উদ্দিন স্বীকার করেন, মাদকগুলো যুবলীগ নেতা সোহেল রানার। তিনি এগুলো তাঁর কাছে পৌঁছে দিচ্ছেন। পরে পুলিশ তাঁকে নিয়ে ওই রাতে যুবলীগ নেতার বাড়িতে অভিযান চালায়। সে সময় বাড়িতে পুলিশের উপস্থিতি টের পেয়ে ফেনসিডিল রেখে দৌড়ে পালান সোহেল।
তাহেরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক জিলালুর রহমান জানান, এ ঘটনায় আটক নাসির উদ্দিন ও পলাতক সোহেল রানাকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। বুধবার দুপুরে নাসির উদ্দিনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।