দিনাজপুর-৬ আসনের সাবেক সংসদ সদস্য শিবলী সাদিকের ব্যাংক হিসাব জব্দ
আর কে ওসমান আলী, নবাবগঞ্জ
প্রকাশ: Saturday, 24 August, 2024, 7:38 PM
দিনাজপুর-৬ আসনের সাবেক সংসদ সদস্য শিবলী সাদিকের ব্যাংক হিসাব জব্দ
দিনাজপুর-৬ (হাকিমপুর) আসনের সাবেক সংসদ সদস্য এবং নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শিবলী সাদিকের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। একইসঙ্গে তার স্ত্রী-সন্তানের ব্যক্তিগত এবং স্বার্থসংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব ও লেনদেন স্থগিত রাখা হয়েছে। গত বৃহস্পতিবার (২২ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়ে অ্যাকাউন্ট জব্দ করতে বলেছে। শিবলী সাদিকের ব্যক্তিগত ও ব্যবসায়িক অ্যাকাউন্টের মাধ্যমে সব লেনদেন বন্ধ থাকবে। আগামী ৩০ দিন এসব হিসাবে তিনি কোনও ধরনের লেনদেন করতে পারবেন না। লেনদেন স্থগিতের নির্দেশটি মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা সংশ্লিষ্ট ধারায় প্রযোজ্য হবে বলে বিএফআইইউর চিঠিতে বলা হয়েছে। এছাড়াও চিঠিতে সাবেক সংসদ সদস্য শিবলী সাদিকের স্ত্রী-সন্তানের নাম, জাতীয় পরিচয়পত্রের তথ্য দেওয়া হয়েছে। বিএফআইইউর নির্দেশনায় আরও বলা হয়েছে, কোনও হিসাব স্থগিত করা হলে হিসাব সংশ্লিষ্ট তথ্য বা দলিল, যেমন—হিসাব খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেন বিবরণী ইত্যাদি চিঠি দেওয়ার তারিখ থেকে ৫ কার্যদিবসের মধ্যে তাদের কাছে পাঠাতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে বলা হয়েছে।