ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
অনুমতি ছাড়াই বিদেশ সফর স্বাধীনতা দিবসে অনুপস্থিত শিক্ষক দম্পতি
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 13 April, 2026, 6:52 PM

অনুমতি ছাড়াই বিদেশ সফর স্বাধীনতা দিবসে অনুপস্থিত শিক্ষক দম্পতি

অনুমতি ছাড়াই বিদেশ সফর স্বাধীনতা দিবসে অনুপস্থিত শিক্ষক দম্পতি

খুলনার পাইকগাছায় কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই ভারতে ভ্রমণের অভিযোগ উঠেছে এক শিক্ষক দম্পতির বিরুদ্ধে। একই সঙ্গে মহান স্বাধীনতা দিবসের মতো গুরুত্বপূর্ণ জাতীয় কর্মসূচিতে অনুপস্থিত থাকায় তাদের বিরুদ্ধে সমালোচনার ঝড় উঠেছে এলাকায়।
অভিযুক্তরা হলেন পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক (ভৌত বিজ্ঞান) মৃণাল কান্তি রায় এবং মানিকতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রমা রানী রায়।

অভিযোগ রয়েছে, রমজানের ছুটির সুযোগে তারা ভারতে ভ্রমণ করেন। তবে সরকারি বিধি অনুযায়ী বিদেশ সফরের আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে লিখিত অনুমতি বা ‘নো অবজেকশন সার্টিফিকেট (NOC)’ নেওয়া বাধ্যতামূলক হলেও তারা তা গ্রহণ করেননি। বিষয়টি জানাজানি হলে স্থানীয় মহলে ব্যাপক প্রশ্নের সৃষ্টি হয়।
এদিকে তাদের এই অনুপস্থিতির কারণে জাতীয় দিবসের কর্মসূচিও ব্যাহত হয়। বিশেষ করে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে উপস্থিত না থাকায় শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন নাগরিকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়দের মতে, দায়িত্বশীল শিক্ষক হিসেবে এ ধরনের আচরণ সরকারি শৃঙ্খলার সুস্পষ্ট লঙ্ঘন।

বিষয়টি নিয়ে বক্তব্য জানতে চাইলে মৃণাল কান্তি রায় গণমাধ্যম কর্মীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন এবং কোনো মন্তব্য করতে রাজি হননি। অপরদিকে রমা রানী রায় দাবি করেন, তিনি চিকিৎসার জন্য ঢাকায় গিয়েছিলেন। তবে তার বক্তব্যে অস্পষ্টতা থাকায় বিষয়টি নিয়ে আরও সন্দেহের সৃষ্টি হয়েছে। তিনি জানান, মোবাইল ফোনে কর্তৃপক্ষকে অবহিত করেছিলেন, কিন্তু লিখিত অনুমতির বিষয়ে কোনো সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি।

পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মো. আব্দুল ওহাব জানান, ২৬ মার্চ জাতীয় কর্মসূচিতে মৃণাল কান্তি রায় অনুপস্থিত ছিলেন। একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার কোনো সাড়া পাওয়া যায়নি। পরে ২৯ মার্চ অল্প সময়ের জন্য বিদ্যালয়ে এসে আবার ছুটি নিয়ে চলে যান।
এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সঞ্জয় দেবনাথ বলেন, “কেউ অনুমতি ছাড়া বিদেশ ভ্রমণ করলে তা সরকারি বিধির পরিপন্থী। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ঘটনাটি নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনা অব্যাহত রয়েছে। সচেতন মহলের দাবি, দ্রুত তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হোক, যাতে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম রোধ করা যায়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status