|
টকশোর বক্তব্য ঘিরে সমালোচনা, ফেসবুকে দুঃখ প্রকাশ ও নিজের অবস্থান ব্যাখ্যা এমপি সেলিমের
নতুন সময় প্রতিনিধি
|
![]() টকশোর বক্তব্য ঘিরে সমালোচনা, ফেসবুকে দুঃখ প্রকাশ ও নিজের অবস্থান ব্যাখ্যা এমপি সেলিমের ফেসবুক পোস্টে তিনি জানান, দীর্ঘ প্রায় আট থেকে দশ বছর পর বেসরকারি টেলিভিশন চ্যানেল ৭১ টিভি-এর একটি টকশোতে অংশ নেন তিনি। তবে অনুষ্ঠানে সহ-আলোচকের আচরণে শুরু থেকেই তিনি অস্বস্তি বোধ করেন। তিনি লেখেন, সহ-আলোচকের বাচালতা ও ঔদ্ধত্যপূর্ণ আচরণের কারণে তার কথা বলার আগ্রহ নষ্ট হয়ে যায়। পুরো অনুষ্ঠানজুড়ে উপস্থাপককে পর্যাপ্ত সুযোগ না দিয়ে ওই সহ-আলোচক তাকে একের পর এক প্রশ্ন করতে থাকেন, যা পরিস্থিতিকে আরও অস্বস্তিকর করে তোলে। এমপি সেলিম আরও উল্লেখ করেন, আমার মেজাজ এতটাই বিগড়ে ছিল যে, আমি অনেক প্রশ্নের উত্তর দায়সারাভাবে দিয়েছি বা এড়িয়ে গেছি। সত্যি বলতে, আমি কী বলেছি তার অর্ধেকও মনে নেই। পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি জানতে পারেন, পহেলা বৈশাখ উদযাপন নিয়ে তার কিছু বক্তব্য ধর্মপ্রাণ মুসলমানদের মনে আঘাত দিয়েছে। এ বিষয়ে গভীর দুঃখ প্রকাশ করে তিনি বলেন, একজন ধর্মপ্রাণ মুসলমান হিসেবে কারো মনে কষ্ট দেওয়া আমার কাম্য নয়। তিনি স্পষ্টভাবে জানান, এ ঘটনায় তিনি কোনো অজুহাত দিতে চান না এবং আত্মপক্ষ সমর্থনও করবেন না। বরং তিনি বলেন, যা হয়েছে তার জন্য আমি সবার কাছে বিনম্রভাবে দুঃখ প্রকাশ করছি। একই সঙ্গে মহান আল্লাহর কাছে নিজের ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করেন তিনি এবং ভবিষ্যতে আরও সতর্ক থাকার প্রত্যয় ব্যক্ত করেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
