ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
জলাবদ্ধতার বিপদ বাড়াচ্ছে প্লাস্টিক-পলিথিন, সচেতনতায় জোর প্রধানমন্ত্রীর
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 29 April, 2026, 3:57 PM

জলাবদ্ধতার বিপদ বাড়াচ্ছে প্লাস্টিক-পলিথিন, সচেতনতায় জোর প্রধানমন্ত্রীর

জলাবদ্ধতার বিপদ বাড়াচ্ছে প্লাস্টিক-পলিথিন, সচেতনতায় জোর প্রধানমন্ত্রীর

“আসুন আমরা জনগণের সচেতনতা বৃদ্ধি করি। সচেতনতা বৃদ্ধি করার মাধ্যমে এই সমস্যাটা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হবে।”

প্লাস্টিকের বোতল আর পলিথিনের মত ফেলে দেওয়া বর্জ্য কীভাবে শহরের জলাবদ্ধতার সমস্যাকে বাড়িয়ে তুলছে, সেই চিত্র জাতীয় সংসদে তুলে ধরে এ বিষয়ে জনসাধারণকে সচেতন করতে সংসদ সদস্যদের উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার সংসদ অধিবেশনে তিনি বলেন, “এখানে সকল সংসদ সদস্য উপস্থিত আছেন, আপনাদের সকলের কাছে আমার একটি বিনীত অনুরোধ থাকবে, আসুন আমরা জনগণের সচেতনতা বৃদ্ধি করি। সচেতনতা বৃদ্ধি করার মাধ্যমে এই সমস্যাটা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হবে।”

চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান এদিন পয়েন্ট অব অর্ডারে চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা আর নগরবাসীর দুর্ভোগের বিষয়টি তুলে ধরলে প্রধানমন্ত্রী এ বিষয়ে বক্তব্য দেন।

তিনি বলেন, বৃষ্টির কারণে চট্টগ্রাম শহরের বেশ একটি এলাকা তলিয়ে গিয়ে মানুষের দুর্ভোগে পড়ার খবর তিনি সংবাদ মাধ্যমে দেখেছেন।

“এই সমস্যাটি শুধু চট্টগ্রামে না, এই সমস্যাটি বলা যায় সারাদেশেই ছড়িয়ে আছে। ঢাকা শহরে এরকম আছে যেখানে বৃষ্টিতে ড্রেনে পানি বন্ধ হয়ে যাচ্ছে, পানি আটকে যাচ্ছে, ফলে জলাবদ্ধতা তৈরি হচ্ছে। এই সমস্যা অনেক দিনের।”

এই সমস্যার সমাধানে খাল খনন কর্মসূচি বাস্তবায়নের ওপর জোর দেন প্রধানমন্ত্রী, সেই সঙ্গে স্মরণ করেন তার বাবা, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কথা।

তারেক রহমান বলেন, “একজন রাজনীতিবিদ, একজন বিশেষজ্ঞ ছিলেন, উনি হচ্ছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি সমগ্র বাংলাদেশে খাল খননের মাধ্যমে যেমন পানির রিজার্ভার তৈরি করে ছিলেন, একইভাবে বন্যা বা জলবদ্ধতাও দূর করেছিলেন। ঠিক একই কাজে আবার ফিরে যেতে হবে আমাদের।”


বর্তমান বিএনপি সরকার যে খাল খননের কাজটি আবার শুরু করেছে, সে কথা তুলে ধরে কিছু প্রতিবন্ধকতার কথাও প্রধানমন্ত্রী বলেনন।

“শহর অঞ্চলগুলোতে যেটি সমস্যা হচ্ছে, শহরের ভিতরে যে লেকগুলো আছে, বা যে ড্রেনগুলো, বড় নালাগুলো আছে, খালগুলো আছে, আমরা বিভিন্ন জিনিস ব্যবহার করি, যেমন প্লাস্টিক বোতল, পলিথিন, যেগুলো আমরা ব্যবহার করছি, তার ফলে অসচেতনভাবে আমরা এই খাল-বিলগুলোকে বন্ধ করে দিচ্ছি।”

ধানমন্ত্রী বলেন, “সরকার এই ড্রেনগুলোকে ক্লিন করার চেষ্টা করছে। ঢাকা শহরে কয়েকটি করা হয়েছে। কিন্তু সাত থেকে দশ দিনের মধ্যে গিয়ে আমরা দেখছি যে, আবার মানুষজন অসচেতনভাবে এগুলোতে বিভিন্ন ময়লা ফেলে জিনিসগুলোকে ব্লক করে দিচ্ছে।”

এ বিষয়ে কয়েকজন সংসদ সদস্যের সঙ্গে আলাপ হওয়ার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, “এটি একটি বিরাট সমস্যা।”

সরকার এ বিষয়ে উদ্যোগ নিচ্ছে এবং আরও নেবে; কিন্তু জনগণ সচেতন না হলে সমাধান করা যে কঠিন হবে, সে বিষয়টি তুলে ধরেন সরকারপ্রধান।

তিনি বলেন, “প্লাস্টিক বোতল বা পলিথিন বা আরো এই ধরনের যে দ্রব্যগুলো আছে, যেগুলোতে ড্রেন বা নালাগুলো বা খালগুলো ব্লক হয়ে যায়, এগুলোর ব্যবহার আমরা কীভাবে কমাতে পারি, অথবা ব্যবহার করার পরে এগুলো প্রপারলি কীভাবে ডিসপোজ করতে পারি, এ বিষয় জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। সরকারের পক্ষ থেকে এ বিষয়ে উদ্যোগ নেওয়া হচ্ছে মাননীয় স্পিকার।

“আমরা সংসদ সদস্য যারা, আমি মনে করি আমাদের একটি নৈতিক দায়িত্ব আছে এ বিষয়ে জনগণকে সচেতন করার।”

চট্টগ্রামের জলাবদ্ধতার বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, “আমি মাননীয় সংসদ সদস্যকে বলতে চাই, এরই মধ্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের যে মেয়র আছেন, উনার সাথে আমার কথা হয়েছে। উনি এর মধ্যেই চেষ্টা করছেন।

“কিন্তু এখন তো এটা অনেক বড় একটা ওয়াটার লগ হয়ে গেছে; স্বাভাবিকভাবে একটু সময় লাগবে। এই কষ্টের জন্য আমি আমার অবস্থান থেকে চট্টগ্রাম শহরে বসবাসকারী সকল নাগরিকের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমরা চেষ্টা করছি, যত দ্রুত সম্ভব এই সমস্যাটা থেকে মানুষকে বের করে নিয়ে আসা যায়।”


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status