|
আসন্ন বার্ষিক উৎসব ঘিরে নাশকতার আশঙ্কা
নতুন সময় প্রতিনিধি
|
![]() আসন্ন বার্ষিক উৎসব ঘিরে নাশকতার আশঙ্কা মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আশ্রম প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন আশ্রমের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পরিতোষ মণ্ডল। লিখিত বক্তব্যে তিনি বলেন, শ্রীগুরু সঙ্ঘের পবিত্রতা, শান্তি-শৃঙ্খলা ও আসন্ন বার্ষিক উৎসবকে কেন্দ্র করে একটি মহল ষড়যন্ত্র করছে। আশ্রম কর্তৃপক্ষের দাবি, সাবেক কোষাধ্যক্ষ বিপুল বরণ ঘোষের বিরুদ্ধে আশ্রমের তহবিলের অর্থ আত্মসাতের অভিযোগে পিরোজপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা চলমান রয়েছে। মামলায় ১ কোটি ৩ লাখ ৬৪ হাজার ৯৪১ টাকা আত্মসাতের অভিযোগ করা হয়েছে। এ-সংক্রান্ত মামলা হিসেবে সিআর মামলা নং-১৭৫/২০০৫, দণ্ডবিধির ৪০৬/৪২০ ধারার কথা সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়। আশ্রম কর্তৃপক্ষ আরও দাবি করে, তহবিল-সংক্রান্ত অনিয়ম ও সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিপুল বরণ ঘোষকে আশ্রম থেকে বহিষ্কার করা হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। সংবাদ সম্মেলনে বলা হয়, আশ্রমের অভ্যন্তরীণ বিরোধ নিয়ে উচ্চ আদালত ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ে কার্যক্রম চলছে। এরই ধারাবাহিকতায় ১৫ সেপ্টেম্বর বিকেলে পিরোজপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আশ্রমে তদন্ত কার্যক্রমের উদ্যোগ নেওয়া হয়। আশ্রম কর্তৃপক্ষের ভাষ্য, ওই সময় বিপুল বরণ ঘোষ আশ্রমে প্রবেশের চেষ্টা করলে সাধারণ সদস্যদের বাধার মুখে ফিরে যান। তাদের অভিযোগ, তদন্ত কার্যক্রম চলাকালে কয়েকজন ব্যক্তি আশ্রমে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেন। এ সময় প্রশাসনের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন বলে দাবি করা হয়। এ ঘটনায় পটুয়াখালী, ঝালকাঠি ও বরিশাল থেকে আসা কয়েকজনের নাম উল্লেখ করে তাদের বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়। আশ্রম কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযোগের সত্যতা যাচাই করে সাংগঠনিক বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সংবাদ সম্মেলনে আরও বলা হয়, শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠাতা পরিব্রাজকাচার্যবর শ্রীমদ্ দুর্গা প্রসন্ন পরমহংসদেবের আবির্ভাব উপলক্ষে প্রতিবছর আশ্রমে বৃহৎ পরিসরে বার্ষিক উৎসব অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন এলাকা ছাড়াও বিদেশ থেকে ভক্ত ও দর্শনার্থীদের সমাগম ঘটে। এবারের উৎসবকে সামনে রেখে আশ্রম কর্তৃপক্ষ নাশকতা বা বিশৃঙ্খলার আশঙ্কা করছে। আশ্রম কর্তৃপক্ষের অভিযোগ, একটি মহল আশ্রমের সম্পত্তি ও ভক্তদের অনুদানের অর্থ নিয়ে বিরোধ সৃষ্টি করে প্রতিষ্ঠানটির স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করার চেষ্টা করছে। তবে এসব অভিযোগের স্বতন্ত্র যাচাই সম্ভব হয়নি। সংবাদ সম্মেলনে আশ্রম কর্তৃপক্ষ প্রশাসনের কাছে তাদের ভাষায় ‘অভিযোগের সঙ্গে জড়িত’ ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানায়। একই সঙ্গে আসন্ন বার্ষিক উৎসবকে কেন্দ্র করে আশ্রমে অননুমোদিত প্রবেশ, বিশৃঙ্খলা বা যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে জেলা ও উপজেলা প্রশাসন, পুলিশ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ নিরাপত্তা ও সার্বিক সহযোগিতা কামনা করা হয়। আশ্রমের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পরিতোষ মণ্ডল বলেন, “আসন্ন বার্ষিক উৎসব যাতে শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে অনুষ্ঠিত হয়, সে জন্য প্রশাসনের প্রয়োজনীয় সহযোগিতা আমরা প্রত্যাশা করছি।” উল্লেখ্য, শ্রীগুরু সঙ্ঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের ব্যবস্থাপনা ও কমিটি নিয়ে এর আগেও দুই পক্ষের মধ্যে বিরোধের কথা সংবাদমাধ্যমে এসেছে। এ বিরোধ নিরসনে পিরোজপুর জেলা প্রশাসনের উদ্যোগে তদন্ত কমিটি গঠনের খবরও প্রকাশিত হয়েছে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
