|
৮ দফা না মানলে আন্দোলন এক দফায় যাবে: শফিকুর রহমান
নতুন সময় প্রতিনিধি
|
![]() ৮ দফা না মানলে আন্দোলন এক দফায় যাবে: শফিকুর রহমান শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চের প্রথম পথসভায় গাজীপুর মহানগরীর বাসন থানাধীন ভোগড়া বাইপাস এলাকায় দেওয়া বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন। শফিকুর রহমান বলেন, ‘আজকে ৮ দফা দাবিতে নেমেছি, জনগণের জন্য, জনগণের প্রয়োজনে ৮ দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে।’ তাঁর দাবি, এ লংমার্চ কোনো দলীয় স্বার্থে নয়; জনগণের দাবি আদায়ের লক্ষ্যেই কর্মসূচি নেওয়া হয়েছে। তিনি বলেন, গ্যাস সংকট নিরসন, শিল্পের চাকা সচল রাখা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করা এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণের দাবি রয়েছে তাদের কর্মসূচিতে। একই সঙ্গে চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, গণভোটের গণরায় ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার বিচারের দাবিও তুলে ধরেন তিনি। লংমার্চের ৮ দফা দাবির মধ্যে রয়েছে—গণভোটের গণরায় ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, বিদ্যুৎ-গ্যাস-জ্বালানি ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বন্ধ। এর আগে শনিবার সকাল ৭টার দিকে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে রংপুরের উদ্দেশে লংমার্চ শুরু হয়। সকাল ৯টার দিকে বহরটি গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় পৌঁছালে সেখানে প্রথম পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর গাজীপুর মহানগর শাখার আমির অধ্যাপক মুহা. জামাল উদ্দিন। বক্তব্য দেন গাজীপুর জেলা জামায়াতের আমির ড. জাহাঙ্গীর আলম, সাবেক ছাত্রনেতা আনিছুর রহমান বিশ্বাসসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। লংমার্চকে ঘিরে সকাল থেকেই ভোগড়া বাইপাস এলাকায় নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতি বাড়তে থাকে। একপর্যায়ে পথসভাস্থল জনসমাগমে পূর্ণ হয়ে যায়। পথসভা শেষে সকাল ১০টার দিকে টাঙ্গাইলের উদ্দেশে গাজীপুর ছাড়ে লংমার্চের বহর। টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া ও গাইবান্ধা হয়ে রংপুরে গিয়ে কর্মসূচি শেষ হওয়ার কথা রয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
