সাতক্ষীরা শহরে জাকারিয়া নামে এক যুবককে ছুরি দিয়ে হত্যা
ইয়ারব হোসেন, সাতক্ষীরা
প্রকাশ: Saturday, 3 October, 2026, 9:01 PM
সাতক্ষীরা শহরে জাকারিয়া নামে এক যুবককে ছুরি দিয়ে হত্যা
একজন চা দোকানদারের সঙ্গে কয়েকজন কিশোর গ্যাং সদস্যদের মারামারি থামাতে গিয়ে ছুরিকাহত হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে শহরের প্রাণিসম্পদ হাসপাতাল মোড়ে একটি চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে।
নিহত জাকারিয়া খান (১৯) সাতক্ষীরা সদরের বেকারি ব্যবসায়ী আবদুল গফুরের ছেলে। তিনি সাতক্ষীরা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাছুম বিল্লাহর মামাতো ভাই।পুলিশ ও নিহত ব্যক্তির পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার রাতে জাকারিয়া তাঁর মামার দোকানে গিয়েছিলেন। দোকান বন্ধ হওয়ার পর মোটরসাইকেল নিয়ে বাড়ি ফেরার পথে প্রাণিসম্পদ হাসপাতাল মোড়ে একটি জটলা দেখতে পান। সেখানে কয়েকজন তরুণকে এক দোকানদারের সঙ্গে মারামারি করতে দেখে জাকারিয়া তাঁদের থামাতে যান। এ সময় তাঁকে ছুরিকাঘাত করা হয়।
পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় জাকারিয়াকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তাঁর মৃত্যু হয়।এ বিষয়ে সাতক্ষীরা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাছুম বিল্লাহ বলেন, ‘একজন মানুষ অন্যায় থামাতে গিয়ে যদি জীবন হারায়, তাহলে ভবিষ্যতে কেউ অন্যায় দেখেও এগিয়ে আসতে ভয় পাবে।
সাতক্ষীরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. শহীদুর রহমান বলেন, আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। দ্রুত সময়ের মধ্যে তাঁদের আইনের আওতায় আনা হবে। ঘটনায় এলাকায় ছড়িয়ে পড়ার পরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সাতক্ষীরা শহরময় একটি আলোচনা জাকারিয়ার মৃত্যু নিয়ে।ধারণা করা হচ্ছে ঘটনা স্থলে উপস্থিত সকলের কিশোর গ্যাং এর সদস্য। তাদের কাছে আগেই ছুরু রক্ষিত ছিল। পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে। এই হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।