কুড়িগ্রামে বিজিবির অভিযানে ইয়াবা, মদ মোটরসাইকেল ও কসমেটিকসসহ আটক ১
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
প্রকাশ: Thursday, 15 October, 2026, 8:25 PM
কুড়িগ্রামে বিজিবির অভিযানে ইয়াবা, মদ মোটরসাইকেল ও কসমেটিকসসহ আটক ১
কুড়িগ্রামের কচাকাটায় বিজিবির অভিযানে ভুট্রো মিয়া নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে এবং তার কাছ থেকে মোটরসাইকেলসহ ইয়াবা, মদ, কসমেটিকস ও বিভিন্ন ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে।
আজ ১৫ অক্টোবর বৃহস্পতিবার কুড়িগ্রাম বিজিবির ২২-ব্যাটালিয়নের বিশেষ অভিযান পরিচালনা করে বলদিয়া গ্রামের মৃত সবের মোল্লার ছেলে মো. ভুট্রো মিয়াকে আটক করে। এ সময় তাঁর কাছ থেকে একটি বাজাজ মোটরসাইকেলসহ ভারতীয় ইয়াবা ট্যাবলেট, মদ ও কসমেটিকস উদ্ধার করা হয়।
সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে ২২ বিজিবির ধারাবাহিক বিশেষ অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মোট ৫ লাখ ৫৪ হাজার ৭৬০ টাকা মূল্যের ভারতীয় ইয়াবা ট্যাবলেট, মদ, কসমেটিকস ও বিভিন্ন চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে বলে জানা গেছে।
কুড়িগ্রামে বিজিবির ২২ ব্যাটালিয়ন-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি বলেন, দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত অপরাধ দমন, মাদক পাচার রোধ ও চোরাচালান প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে সর্বদা দৃঢ়প্রতিজ্ঞ। দেশের অর্থনৈতিক নিরাপত্তা ও সীমান্ত সুরক্ষায় চোরাকারবারিদের যেকোনো অপতৎপরতা নস্যাৎ করতে বিজিবির কঠোর নজরদারি ও আভিযানিক তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।