|
কুড়িগ্রামে ৪১৬টি পূজামণ্ডপে এসআরবি'র বিশেষ নিরাপত্তাব্যবস্থা জোরদার
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
|
![]() কুড়িগ্রামে ৪১৬টি পূজামণ্ডপে এসআরবি'র বিশেষ নিরাপত্তাব্যবস্থা জোরদার দুর্গাপূজাকে কেন্দ্র করে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সদস্য মোতায়েনের পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহল জোরদার করা হয়েছে। আজ ১৮ অক্টোবর রোববারএসআরবি-১৩-এর সদর কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বক্তব্য রাখেন, ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর সাইফুল ইসলাম। বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৬ অক্টোবর ষষ্ঠীপূজার মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হয়েছে। আগামী ২১ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে উৎসব শেষ হবে। এ উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে সংশ্লিষ্ট প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে এসআরবি-১৩। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আগামী ২২ অক্টোবর পর্যন্ত পর্যাপ্তসংখ্যক সদস্য মাঠে দায়িত্ব পালন করবেন। পাশাপাশি সাদাপোশাকে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম বাড়ানো হয়েছে। স্থানীয় পূজামণ্ডপ কমিটি, জনপ্রতিনিধি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নিরাপত্তা কার্যক্রম পরিচালিত হবে। কোনো দুষ্কৃতকারী বা অশুভ চক্র হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা, পূজামণ্ডপে ভাঙচুর, পূজার উপকরণ চুরি কিংবা অন্য কোনো অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। প্রতিমা বিসর্জনের দিনও অতিরিক্ত নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়। দুর্গাপূজাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, মিথ্যা তথ্য ও উসকানিমূলক বক্তব্য ছড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা প্রতিরোধে এসআরবি-১৩-এর সাইবার মনিটরিং টিম অনলাইনে নজরদারি চালিয়ে যাচ্ছে। যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য শেয়ার না করার পাশাপাশি সন্দেহজনক বা উসকানিমূলক তথ্য নজরে এলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দুর্গাপূজাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট বা নাশকতার কোনো পরিকল্পনার তথ্য পাওয়া গেলে তা এসআরবি ফোর্সেসকে অবহিত করতে হবে। নিরাপত্তাসংক্রান্ত কার্যক্রম এসআরবি সদর দপ্তর থেকে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। এসআরবি-১৩-এর পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদ্যাপন কমিটি, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও সাধারণ মানুষের সম্মিলিত সহযোগিতায় দুর্গাপূজা নিরাপদ, শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে উদ্যাপন করা সম্ভব। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
