প্রকাশ: Friday, 3 May, 2019, 12:54 PM সর্বশেষ আপডেট: Friday, 3 May, 2019, 1:42 PM
যাওয়ার সময় হয়ে গেছে: শামীম ওসমান
ছবি : সংগৃহীত চলে যাওয়ার সময় হয়ে গেছে তাই বিদায় নেয়ার আগে নতুন উদ্যোম নিয়ে নিজ এলাকায় কাজে নামার আশা ব্যক্ত করলেন নারায়ণগঞ্জ চার আসনের এমপি ও আওয়ামী লীগ নেতা শামীম ওসমান। ঈদের পরেই তিনি এই কাজে নামার ঘোষণা দেন। আর এ কাজে নতুন প্রজন্মকে তার পাশে থাকার আহ্বান জানান।
বুধবার নাসিম ওসমান মেমোরিয়াল পার্কে নারায়ণগঞ্জ নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশনের ফ্যামিলি নাইট ও সাংবাদিক মিলনমেলায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে শামীম ওসমান বলেন, `আমার পক্ষে অবস্থান নেয়ার দরকার নাই। সঠিকভাবে নারায়ণগঞ্জের পক্ষে থাকেন। আমি তো ভোটই করব না। আমাদের চলে যাওয়ার সময় হয়ে গেছে। আর কিছু না পারেন নারায়ণগঞ্জের জন্য ১০টি সাংবাদিক দিয়ে যান যারা নিজেদের বেচা-কেনা করবে না।‘
তিনি আরো বলেন, `ব্যক্তিগতভাবে সাংবাদিকদের সঙ্গে আমি কখনো খারাপ ব্যবহার করিনি। কারণ আমি এটাতে বিশ্বাস করি না। একেক পত্রিকার একেক রকম নীতি। বর্তমানে নিউজ করছেন না, নিউজ বানাচ্ছেন। সাংবাদিকতাকে পেশা হিসেবে না নিয়ে নেশা হিসেবে নেন।‘
শামীম ওসমান আরো বলেন, `নারায়ণগঞ্জকে পরিষ্কার করার জন্য ঝাড় দেব। ছাত্ররাজনীতি যেভাবে শুরু করেছিলাম সেভাবে আবার ঘরে ঘরে যাব। নারায়ণগঞ্জকে পরিষ্কার করে দিয়ে বলব- আসসালামু আলাইকুম। আপনারা থাকেন, আমি গেলাম।‘
এ সময় তিনি তরুণ প্রজন্মের উদ্দেশ্য বলেন, `আমি আশা করি, বর্তমান প্রজন্মকে আমার পাশে পাব। নারায়ণগঞ্জকে ঠিক না করে দিয়ে আল্লাহ যাতে আমাকে না নেয়।‘
উপস্থিত সবার জন্য তিনি বলেন, `পলিটিকস করতে এসেছি, নিজেকে বেচতে আসি নাই। কিছু কাজ করতে চাই নারায়ণগঞ্জের জন্য। এটা আমার দায়িত্ব।‘
নারায়ণগঞ্জ নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আরিফ আলম দিপুর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে অরো উপস্থিত ছিলেন, ডান্ডি বার্তা পত্রিকার সম্পাদক মো. হাবিবুর রহমান বাদল, জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর ওয়াজেদ আলী খোকন, র্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. আলেপ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক- সার্কেল) মেহিদী ইমরান সিদ্দিকী, জেলা আইনজীবী সমিতির সভাপতি হাসান ফেরদৌসসহ অনেকে।