বান্দরবান জেলার থানচি উপজেলার প্রধান বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সোমবার আনুমানিক ভোর ৫ টার দিকে আকস্মিক আগুন লেগে উপজেলার থানচি বাজার সম্পূর্ণ পুড়ে ভস্মীভূত হয়।
স্থানীয় জনসাধারণ ও বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি জসিম উদ্দিন টেলিফোনে জানায়, বাজারের ১৮৭টি দোকানের মধ্যে ১৮৪ টি দোকান পুড়ে যায় ।এতে ক্ষতির পরিমাণ প্রায় ২০ থেকে ২৫ কোটি টাকা হতে পারে।
দুর্ভাগ্যজনক হলেও সত্য যে, থানচি উপজেলা শহরে কোনো ফায়ার সার্ভিস না থাকায় জনসাধারণ আগুন নেভাতে ব্যর্থ হন। এছাড়া ভোরে ব্যবসায়ীরা ঘুমে থাকায় কোনো মালপত্র বের করতে পারেননি।
আগুনের সূত্রপাত সঠিকভাবে জানা না গেলেও চায়ের দোকান থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে স্থানীয়রা ধারণা করছেন।