এবার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ঘোষণা মরক্কোর
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 11 December, 2020, 10:19 AM
এবার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ঘোষণা মরক্কোর
সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও সুদানের পথে হাঁটল মরক্কোও। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এবার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ঘোষণা দিয়েছে উত্তর আফ্রিকার মুসলিম প্রধান দেশটি। গত চার মাসের মধ্যে এই নিয়ে চারটি মুসলিম দেশ ইহুদি রাষ্ট্রটির সঙ্গে সম্পর্ক পাতার ঘোষণা দিল।
সংবাদমাধ্যম আল জাজিরার খবরে জানা যায়, চুক্তির অংশ হিসেবে পশ্চিম সাহারায় মরক্কোর সার্বভৌমত্বে স্বীকৃতি দেবে যুক্তরাষ্ট্রে। কয়েক দশক ধরে সেখানে আঞ্চলিক বিরোধ চলে আসছে। মরক্কোর বাহিনী আলজেরিয়া সমর্থিত স্বাধীনতাকামী পলিসারো ফ্রন্টের সঙ্গে যুদ্ধে বিবাদমান।
এ বিষয়ে বৃহস্পতিবার মরক্কোর রাজা ষষ্ঠ কিং মোহাম্মেদের সঙ্গে ফোনে আলাপ হয় ট্রাম্পের। ইসরায়েলের সঙ্গে মরক্কোর সম্পর্ক স্বাভাবিকের ঐকমত্য নিয়ে টুইটও করেছেন তিনি।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট লিখেছেন, আরো একটি ঐতিহাসিক ব্রেকথ্রু! আমাদের অসাধারণ দুই বন্ধু ইসরায়েল ও কিংডম অফ মরক্কো পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ব্যাপারে একমত হয়েছে। এটি মধ্যপ্রাচ্যে শান্তির জন্য এটা যুগান্তকারী এক মুহূর্ত।
আগস্টের পর এই নিয়ে চারটি দেশ ইরসায়েলের সঙ্গে সম্পর্ক পাতার ঘোষণা দিল। এর আগে ইহুদিবাদী রাষ্ট্রটির সঙ্গে সম্পর্ক গড়ার ঘোষণা দেয় সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও সুদান। এসব চুক্তির কঠোর সমালোচনা করে আসছে ফিলিস্তিন, ইরান ও তুরস্কের মতো দেশগুলো।