স্বামীকে হত্যা করে দুই সন্তান নিয়ে উধাও, সেই শিউলি গ্রেপ্তার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 22 August, 2021, 1:27 PM
স্বামীকে হত্যা করে দুই সন্তান নিয়ে উধাও, সেই শিউলি গ্রেপ্তার
ফেনীতে বহুল আলোচিত প্রবাসী স্বামী মো. সোহেল (৩৫) কে কুপিয়ে হত্যার অভিযোগে তার পলাতক স্ত্রী শিউলি আক্তারকে গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবার (২১ আগস্ট) সন্ধ্যায় কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথ ইউনিয়নের নারানকরা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, গত বৃহস্পতিবার রাত আনুমানিক দেড়টার দিকে বাবা মারা যাওয়ার কথা বলে অবুঝ দুই শিশু সন্তান রিহান (৭) ও জান্নাতকে (৪) নিয়ে শিউলী পালিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ সুপার খোন্দকার নূরুন্নবী বিপিএম পিপিএম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ফেনী মডেল থানার ওসি মো. নিজাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় নিহতের মা নিরালা বেগম বাদী হয়ে পুত্রবধু শিউলী বেগমকে আসামি করে ফেনী মডেল থানায় মামলা দায়ের করেন।
এর আগে গেলো শুক্রবার সকালে শহরের নাজির রোডের চৌধুরী সুলতানা ভবনের একটি ফ্ল্যাট থেকে সোহেলের মরদেহ উদ্ধার করে পুলিশ। শনিবার দুপুরে ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। পরে জানাযা শেষে গ্রামের বাড়ীর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।