|
সংখ্যালঘুদের জীবন ও সম্পদের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে : নুরুল ইসলাম মনি
তামান্না জেনিফার, বরগুনা
|
![]() সংখ্যালঘুদের জীবন ও সম্পদের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে : নুরুল ইসলাম মনি শনিবার (২৪ জানুয়ারি) বিকালে বরগুনার বামনা উপজেলার মোকামিয়া এলাকায় এক নির্বাচনী সভায় এসব কথা বলেন তিনি। নুরুল ইসলাম মনি বলেন, সংখ্যালঘু জনগোষ্ঠী শান্তিতে বসবাস করতে চায়, তারা ধর্মের নামে বিভাজন নয়—জীবন, সম্পদ ও সম্মানের নিশ্চয়তা চায়। তিনি আশ্বাস দিয়ে বলেন, নির্বাচিত হয়ে সংসদ সদস্য হলে সংখ্যালঘুদের সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করা হবে। সভায় বক্তব্যে তিনি বলেন, একাত্তরে যারা দেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, যারা মা-বোনদের ওপর নির্যাতন চালিয়েছে এবং সংখ্যালঘুদের অপমান করেছে, তারা আজ আবার জনগণের কাছে এসেছে। তাদের অতীত ইতিহাস মানুষ ভুলে যায়নি। তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের সময় এই দেশের হিন্দু সম্প্রদায়ের মানুষদের ধর্ম পরিচয় যাচাইয়ের নামে নিপীড়নের শিকার হতে হয়েছে। যারা স্বাধীনতার বিরোধিতা করেছে, তাদের কোন নৈতিক অধিকার নেই স্বাধীন দেশের মানুষের কাছে ভোট চাওয়ার। নুরুল ইসলাম মনি বলেন, মুক্তিযুদ্ধে ৩০ লাখ মানুষের প্রাণহানির জন্য যারা দায়ী, তারা এখন ক্ষমা চাওয়ার নাটক শুরু করেছে। শুধু দুঃখ প্রকাশ করলেই সেই প্রাণগুলো ফিরে আসবে না। দেশের মানুষের জান-মাল ধ্বংসের দায় তাদের নিতেই হবে। সভা শেষে তিনি সংখ্যালঘু ভোটারদের উদ্দেশে বলেন, ইতিহাস জানতে হবে এবং মনে রাখতে হবে একাত্তরে কারা কোন ভূমিকা রেখেছিল। সেই বিবেচনায় নিয়েই ভোটের সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তিনি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
