এলাকায় চুরি হলে ফাউন্ডেশন থেকে দেয়া হবে : গাজীপুরে আজম খান
ফাহিম ফরহাদ, গাজীপুর
প্রকাশ: Tuesday, 10 February, 2026, 4:52 PM
এলাকায় চুরি হলে ফাউন্ডেশন থেকে দেয়া হবে : গাজীপুরে আজম খান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুরের কালিগঞ্জ উপজেলায় গণমিছিল ও গণসংযোগ করেছেন জনতার দলের মহাসচিব এবং গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী আজম খান। এসময় তিনি সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করেন।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল থেকে কালিগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গণমিছিল ও নির্বাচনী প্রচারণা চালান তিনি। প্রচারণাকালে আজম খান দাবি করেন, গাজীপুর-৫ আসনে তারা বাধাহীনভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করছেন।
তবে একটি পক্ষ গোপনে হুমকি ও কেন্দ্র দখল নিয়ে অপপ্রচার চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
এসময় উন্নয়নের বিভিন্ন প্রতিশ্রুতি তুলে ধরে ভোটারদের সমর্থন কামনা করেন আজম খান। তিনি বলেন, নির্বাচিত হলে এলাকায় চুরি-ডাকাতি প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে এবং কোনো ব্যক্তি ক্ষতিগ্রস্ত হলে ‘আজম খান ফাউন্ডেশন’ থেকে সহযোগিতা প্রদান করা হবে।
গণমিছিলে জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের জনতার দল এবং সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।