জিনের আছর ছাড়াতে দুই সন্তানের বাবাকে গলা টিপে হত্যা
বরিশালের হিজলা উপজেলায় জিনের ‘আছর’ ছাড়ানোর নামে দুই সন্তানের বাবাকে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই ফকিরকে আটক করেছে স্থানীয়রা।
সোমবার বিকেলে ওই উপজেলার মেমানিয়া ইউনিয়নের চর মেমানিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত রাসেল ঘরামী ওই গ্রামের আলমগীর ঘরামীর ছেলে।
মেমানিয়া ইউনিয়নের মেম্বার লিটন গাজী জানান, রাসেল দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। স্থানীয়দের ধারণা ছিল- তাকে জিনে ‘আছর’ করেছে। সেই জিন ছাড়াতে সোমবার বিকেলে পার্শ্ববর্তী গৌরব্দী ইউনিয়নের বিছর গ্রাম থেকে ইসমাইল শেখ ও ইমরান শেখ নামে দুইজন ফকিরকে ডেকে আনা হয়। তারা জিন ছাড়ানোর নামে ঝাড়ফুঁকের এক পর্যায়ে রাসেলের গলা টিপে ধরেন। এতে রাসেল অসুস্থ হয়ে পড়লে তাকে পার্শ্ববর্তী টেকেরহাট বাজারে এক গ্রাম্য চিকিৎসকের কাছে নেয়া হয়। সেখানেই রাসেলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
হিজলা থানা পরিদর্শক (তদন্ত) তারিক বিন ইসলাম রাসেল জানান, জিন ছাড়াতে গিয়ে গলা টিপে হত্যার অভিযোগে স্থানীয়রা ফকিরের ছদ্মবেশে থাকা দুই যুবককে আটক করেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।