ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬ ১০ বৈশাখ ১৪৩৩
গাজীপুরে রাতের আঁধারে মাটিখেকো সিন্ডিকেটের দৌরাত্ম্য, বিপন্ন আবাদি জমি
ফাহিম ফরহাদ, গাজীপুর
প্রকাশ: Thursday, 5 March, 2026, 11:57 AM

গাজীপুরে রাতের আঁধারে মাটিখেকো সিন্ডিকেটের দৌরাত্ম্য, বিপন্ন আবাদি জমি

গাজীপুরে রাতের আঁধারে মাটিখেকো সিন্ডিকেটের দৌরাত্ম্য, বিপন্ন আবাদি জমি

প্রশাসনের নাকের ডগায় বসেই রাতের আঁধারে ভেকু (স্কেবেটর) দিয়ে চলছে মাটি কাটার মহোৎসব। রাত যত গভীর হয়, ততই বেড়ে যায় মাটিখেকোদের তৎপরতা। বিশেষ করে ছুটির দিনগুলোতে বাড়তি তৎপরতা নজরে পড়ে। কৃষিজমি ও সরকারি সম্পদ রক্ষার আইন থাকলেও প্রভাবশালী চক্রের দাপটে তা যেন কার্যত অকার্যকর হয়ে পড়েছে।

ইসলামপুর, কড্ডাসহ আশপাশে মাটি লুটের চিত্র
সরেজমিনে মহানগরের ১৪ নম্বর ওয়ার্ড, বাসন থানাধীন ইসলামপুর, হক মার্কেট এলাকায় গিয়ে দেখা যায়—তিনটি ড্রাম ট্রাকে করে বিরতিহীনভাবে মাটি সরিয়ে নেওয়া হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ভেকু মেশিন দিয়ে সরকারি জমি কেটে সেই মাটি বিভিন্ন স্থানে বিক্রি করা হচ্ছে। রয়েছে ব্যক্তি মালিকানা আবাদি জমিও।

এক ট্রাকচালক নাম প্রকাশ না করার শর্তে জানান, “আমরা সরকারি জমি থেকে মাটি কেটে বিক্রি করি। এলাকার অনেক বড় নেতা-কর্মী এই সিন্ডিকেটের সঙ্গে জড়িত।”

তিনি আরও দাবি করেন, প্রশাসন ‘ম্যানেজ’ করেই এ ব্যবসা চলছে এবং কিছু সাংবাদিককেও প্রভাবিত করার অভিযোগ তোলেন। পরবর্তীতে লিটন নামে এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তথ্য দেওয়ার পরিবর্তে টাকার বিনিময়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার প্রস্তাব দেন বলে অভিযোগ রয়েছে।

কারখানা বাজারেও একই চিত্র
সদর থানাধীন কারখানা বাজার এলাকায় গিয়ে দেখা যায়—তিনটি ভেকু মেশিন ও অন্তত ১০টি ড্রাম ট্রাক দিয়ে চলছে মাটি কাটার কার্যক্রম। শতাধিক ব্যক্তি পাহারা দিচ্ছে যাতে কেউ ছবি বা ভিডিও ধারণ করতে না পারে। উপস্থিতি টের পেয়ে তারা বাধা প্রদান করে এবং বিল্লাল নামে এক ব্যক্তির সঙ্গে কথা বলতে বলে। তবে সেখানে কাউকে খুঁজে পাওয়া যায়নি।

গাজীপুরে রাতের আঁধারে মাটিখেকো সিন্ডিকেটের দৌরাত্ম্য, বিপন্ন আবাদি জমি

গাজীপুরে রাতের আঁধারে মাটিখেকো সিন্ডিকেটের দৌরাত্ম্য, বিপন্ন আবাদি জমি

জরুরি সেবা ৯৯৯-এ যোগাযোগ করা হলে ৩৩৩ নম্বরে কল করার পরামর্শ দেওয়া হয়। কিন্তু রাতের বেলায় সেই নম্বরে যোগাযোগ সম্ভব হয়নি বলে অভিযোগ রয়েছে। এদিকে রাতের আধাঁরে বাসন থানা পুলিশের একটি গাড়ি প্রহরায় মাটি কাটারও নজির চলচিত্র সংরক্ষিত রয়েছে প্রতিবেদকের হাতে।

আইনের স্পষ্ট নিষেধাজ্ঞা
‘বালু ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০’ অনুযায়ী, জেলা প্রশাসকের অনুমতি ছাড়া কৃষিজমি বা সরকারি জমি থেকে বাণিজ্যিক উদ্দেশ্যে মাটি কাটা সম্পূর্ণ নিষিদ্ধ। আইন লঙ্ঘন করলে তা দণ্ডনীয় অপরাধ।

গাজীপুরে রাতের আঁধারে মাটিখেকো সিন্ডিকেটের দৌরাত্ম্য, বিপন্ন আবাদি জমি

গাজীপুরে রাতের আঁধারে মাটিখেকো সিন্ডিকেটের দৌরাত্ম্য, বিপন্ন আবাদি জমি

কৃষি বিশেষজ্ঞদের মতে, জমির উপরিভাগের উর্বর অংশ (টপ সয়েল) কেটে নেওয়া হলে সেই জমিতে আগামী ১০ থেকে ১৫ বছরেও স্বাভাবিক ফলন পাওয়া কঠিন। এছাড়া গভীর গর্তের কারণে পাশের জমি ধসে পড়ার ঝুঁকি তৈরি হয় এবং পরিবেশের ভারসাম্য মারাত্মকভাবে বিঘ্নিত হয়।

স্থানীয়দের আতঙ্ক
স্থানীয় বাসিন্দারা নাম প্রকাশ না করার শর্তে জানান, বাধা দিতে গেলে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। ফলে ভয়ে কেউ প্রকাশ্যে মুখ খুলতে সাহস পান না। ভারী ট্রাক চলাচলে গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছে, সাধারণ মানুষের চলাচলে সৃষ্টি হচ্ছে চরম ভোগান্তি।

গাজীপুরবাসীর দাবি
গাজীপুরবাসীর জোর দাবি—অবিলম্বে এই মাটিখেকো সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। ভ্রাম্যমাণ আদালতের অভিযান জোরদার এবং আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে কৃষিজমি ও সরকারি সম্পদ রক্ষা করা এখন সময়ের দাবি।

এসব থামানো না গেলে শিল্পনগরী গাজীপুর তার উর্বর কৃষিজমি হারিয়ে পরিবেশ ও খাদ্য নিরাপত্তার চরম ঝুঁকিতে পড়বে বলে আশঙ্কা স্থানীয় ও বিশ্লেষকদের মতে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status